আজ শুরু টি–টোয়েন্টির উৎসব

By Unknown বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
ভারত থেকে সাকিব আল হাসানের এজেন্ট তিনটি নতুন ব্যাট পাঠিয়েছেন। কাল শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে তার দুটি পাশাপাশি রেখে সাকিব বোঝার চেষ্টা করছিলেন কোনটি বেশি চওড়া। কোনটি দিয়ে শট খেলতে সুবিধা হবে। অন্য ব্যাটটি ততক্ষণে নিজের দখলে নিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে দখলে কতক্ষণ রাখতে পারবেন, তা নিয়ে তাঁর মনেও সংশয় ছিল!

বিপিএল দিয়ে টেস্ট ক্রিকেট থেকে সরাসরি টি-টোয়েন্টির স্রোতে নেমে পড়ছেন ক্রিকেটাররা। এটা বল ছাড়া বা ঠেকানোর সময় নয়, এখন সময় বেশি বেশি শট খেলার। সে জন্য ব্যাটটাও হওয়া চাই মনমতো। টি-টোয়েন্টি উপযোগী ব্যাট নিয়ে সে কারণেই সাকিব-মুশফিকদের এত আগ্রহ।

আবুল খায়ের স্টিল মিলসের পৃষ্ঠপোষণায় বিপিএলের চতুর্থ আসর শুরু হচ্ছে আজ। নতুন আসা খুলনা টাইটানস ও রাজশাহী কিংসকে নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি সাতটি। নেই গত বিপিএলের সিলেট সুপারস্টারস। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স।

ইংল্যান্ড সিরিজের কারণে মিরপুরে এবার বিপিএলের দামামা একটু দেরিতেই বেজেছে। তবে মিরপুরের বাইরে আরও আগে থেকেই বিপিএলের রোশনাই ছাড়াতে শুরু করেছে। আজ অমুক হোটেলে এই দলের জার্সি উন্মোচন তো কাল আরেক হোটেলে অন্য কোনো দলের লোগো অবমুক্তি। খেলোয়াড় পরিচিতি, বিদেশি ক্রিকেটারদের আসা নিশ্চিত করা, গেমপ্ল্যান সাজানো—এসব নিয়ে ব্যস্ততা তো ছিলই।

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুয়ারও খুলে গেছে বিপিএলের জন্য। গত কয়েক দিনের মতো কালও একাডেমি মাঠে দেখা গেল ক্রিকেট আর ক্রিকেটারদের মিলনমেলা। সকাল থেকে বিকেল পর্যন্ত পালা করে অনুশীলন করে যাচ্ছে দলগুলো। এক দল অনুশীলন শেষ করার আগেই আরেক দল চলে আসছে বলে খণ্ড খণ্ড আড্ডা জমল মাঠের এখানে-সেখানে। মাঠের খেলা শুরুর আগের দিন তাই টুর্নামেন্টের হাওয়ায় সৌহার্দ্যের সুবাসই মিশে থাকল।

আজ থেকে সেটা আর তেমন থাকবে না নিশ্চিত। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সামনে বিভিন্ন দলের প্রতিনিধি হয়ে আসা কোচ-খেলোয়াড়দের কথায় সে রকমই আভাস। কোচ বলতে অবশ্য খুলনার স্টুয়ার্ট লই কথা বলেছেন। দল নিয়ে দারুণ আশাবাদী এই অস্ট্রেলিয়ানের বিশ্বাস, কারও একার পক্ষে কোনো দলকে শিরোপা এনে দেওয়া সম্ভব হবে না। সিনিয়রদের পাশাপাশি ল তাকিয়ে তরুণদের দিকেও।

মজার ব্যাপার হলো, এবারের বিপিএলে বিদেশি কোচ আছেন দুজন এবং দুজনই বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। একজন তো খুলনার ল, বরিশাল বুলস এনেছে আরেক অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরকে।

আজ খুলনার প্রতিপক্ষ রংপুরের বড় আকর্ষণ শহীদ আফ্রিদি। আজ সকালে ঢাকায় নেমে সন্ধ্যায়ই মাঠে নেমে পড়ার কথা এই পাকিস্তানি অলরাউন্ডারের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সবচেয়ে বড় শক্তি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটরস ও গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দিয়েছেন। এবার কি পারবেন টানা চতুর্থবারের মতো ট্রফি উঁচিয়ে ধরতে? মাশরাফি নিজে অবশ্য এখনই অত দূর ভাবছেন না, ‘শুরু থেকে ভালো খেলতে হবে, এটাই হলো কথা। প্রথম ম্যাচে ভালো শুরু হলে পরের ম্যাচগুলোতে কাজটা সহজ হয়ে যাবে।’ মাশরাফির নেতৃত্বে আগে থেকেই মুগ্ধ রাজশাহীর ড্যারেন স্যামি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বললেন, ‘মাশরাফি ভালো অধিনায়ক, সে জন্যই তাঁর দল চ্যাম্পিয়ন। তবে আমরাও আত্মবিশ্বাসী। পরিকল্পনা কাজে লাগাতে পারলে সফল হব, আশা করি।’

কাগজ-কলমে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসকে এগিয়ে রাখতে হচ্ছে। ঢাকায় আছেন দুবারের টুর্নামেন্ট-সেরা সাকিব আল হাসান। দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেও এসে গেছেন। তুরুপের তাস হতে পারেন দুই ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলও। চিটাগং ভাইকিংসে তামিম ইকবাল ছাড়াও আছেন ক্রিস গেইল। যদিও তাঁকে পাওয়া যাবে শেষ দিকে। আছেন ডোয়াইন স্মিথ, শোয়েব মালিকরাও।

তবে বিপিএলে যেমন শেষ কথা বলে কিছু নেই, টি-টোয়েন্টিতেও আগেই উপসংহার টেনে ফেলা কঠিন। রং বদলের এই খেলা সে কারণেই এত রোমাঞ্চকর!

সূত্র:prothom-alo

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.