বাড়ির ছাদে বাগান করলে লাখ টাকা পুরস্কার’১০ বাগান মালিক পাবেন ‘গ্রিন অ্যাওয়ার্ড

By Unknown সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে বাড়ির ছাদে বাগান করেছেন রাজধানীর এমন ১০ মালিককে ‘গ্রিন অ্যাওয়ার্ড’ দেয়া হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সবুজ ঢাকা’ নামে একটি পরিবেশবাদী সংগঠন এ ঘোষণা দিয়েছে।

সংগঠনটি বলছে, ঢাকা শহরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি। গাছগাছালিও পর্যাপ্ত নেই। এছাড়া পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। ঢাকায় কীভাবে এটা কমিয়ে ভারসাম্য রাখা যায় এবং সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করা যায় সেই পরিকল্পনা থেকেই সবাইকে ছাদ বাগানে আগ্রহী করছি। প্রতি বাড়িতে একটি করে ছাদ বাগান হলে ঢাকা শহরের তাপমাত্রা ভারসাম্যের মধ্যে থাকবে।

আয়োজকরা জানান, সবুজ ঢাকার পক্ষ থেকে বিজয়ী মালিকদের সার্টিফিকেট, ক্রেস্ট প্রদান ছাড়াও তার বাড়ির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ এবং বাগান পরিচর্চা বাবদ এক বছরের জন্য ১ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া ছাদ বাগানকারী মালিক সবুজ ঢাকার সঙ্গে নিবন্ধিত হলে তাদের বিনামূল্যে গাছের চারা দেয়া হবে।

সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম বলেন, নগরবাসীকে ছাদ বাগানে সচেতন করতে কাজ করে যাচ্ছে ‘সবুজ ঢাকা’। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় পর্যায়ক্রমে ৩৬টি ওয়ার্ডে ১৯ হাজার টবসহ গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১০৮টি মসজিদে সবুজায়নের কাজ চলছে। অন্যরাও যেন আরও উৎসাহী হয় এজন্য অ্যাওয়ার্ড দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে যেকেউ সবুজ ঢাকার ফেসবুক পেজে ছবি জমা দিতে পারবেন। এতে বিজয়ী দশজনের প্রত্যেককে দেয়া হবে এক লাখ টাকা সমমূল্যের গাছ, টব, সার ও বাগান করার প্রয়োজনীয় সেবা। এক বছর মেয়াদে সবুজ ঢাকার পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সব সহায়তা করা হবে।

সবুজ ঢাকার উপদেষ্টা প্রীতি চক্রবর্তী বলেন, আগামী তিন বছরে ছাদ বাগানের মালিকদের ৫ লাখ গাছ বিতরণ করা হবে। ইতোমধ্যে রাজধানীর উত্তর সিটি কপোরেশনের বিভিন্ন বাসার মালিকদের মধ্যে বিনামূলে ৮০ হাজার ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালে ঢাকা মেট্রোপলিটনে গাড়ীর সংখ্যা দাঁড়াবে ২০ মিলিয়ন। ফলে চরম পরিবেশগত হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ঢাকা। এছাড়া বর্তমানে রাজধানীতে বসবাসকারীর সংখ্যা ১৫ মিলিয়ন ছাড়িয়েছে। হিটআইল্যান্ড-এর ক্ষতিকর প্রভাবে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, পাখীরা দেশান্তর হচ্ছে, মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, মানব স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এসব প্রভাব থেকে রক্ষা পাওয়ার লক্ষে রাজধানীবাসীকে ছাদবাগান করার জন্য এই উদ্যোগ ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ ঢাকার উপদেষ্টা প্রীতি চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, চেয়ারম্যান রুপাই ইসলাম, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা রাজ, রাজু আহমেদ প্রমুখ।

সূত্র:ittefaq

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.