মিয়ানমারে জবাই হচ্ছে মানবাধিকার

By Unknown শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
চট্টগ্রাম: মিয়ানমারের রোহিঙ্গারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী উল্লেখ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, মানবাধিকারকে সেখানে জবাই করা হচ্ছে, চলছে গণহত্যা।

তিনি বলেন, যেখানে একজন মা তার শিশুকে দুধপান করানোর কথা, সেখানে সেই মা’কে ধর্ষণ করা হচ্ছে। কোন আন্তর্জাতিক সংস্থা এই সমস্যা সমাধানে এখনো এগিয়ে আসেনি।

শনিবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিআইইউ আইন অনুষদ এবং জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে একসেস টু জাস্টিস ফর রিফিউজিস শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নিপীড়নের প্রেক্ষাপটে শরণার্থীদের জন্য করণীয় ঠিক করতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবতার স্বার্থে আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতিসংঘের সমালোচনা করে জাকির হোসেন বলেন, সিরিয়ার মত তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলো  ‘আরব বসন্ত’ ঘটিয়ে ফেললেও মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর জন্য তারা বসন্ত তো দূরের কথা, শরতও ঘটাতে পারেন নি। জাতিসংঘের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় দাবী করা হচ্ছে, অথচ ইতিহাস বলছে তারা শত শত বছর ধরে সেখানে বাস করছে, সেদেশের সংসদ সদস্য  হয়েছে, সরকারের উপদেষ্টা হিসেবেও  তারা কাজ করেছে বলে প্রমাণ আছে।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা জন ম্যাককিসিক বলেন, আমরা  রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমরা আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে অনুদান সংগ্রহের কাজে হাত দিব।

অনুষ্ঠানে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সী মো. মশিয়ার রহমান কর্মশালার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা রোহিঙ্গা শরণার্থী বিষয়ক মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে বিচারকদের সাহায্য করবে।

অনুষ্ঠানে ‘প্রবলেমস্ এন্ড চ্যালেঞ্জেস ইন ডিলিং উইথ দ্য কেসেস অব রোহিঙ্গাস’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা। এতে ‘ইন্টারন্যাশনাল রিফিউজি প্রটেকশন এন্ড ইউএনএইচসিআর’স্ বাংলাদেশ অপারেশন’ বিষয়ে বক্তব্য দেন ইউএনএইচসিআর, কক্সবাজারের প্রটেকশন কর্মকর্তা মার্জিয়া ডেল্টো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউ’র ডেপুটি রেজিস্ট্রার নাহিদ খান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 সূত্র:banglanews24
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.